রূপগঞ্জে তেলের ট্রাকসহ ২ ডাকাত গ্রেপ্তার
রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে দেশীয় অস্ত্র, একটি খেলনা ওয়াকিটকি ও একটি হায়েস গাড়ি, ট্রাক ভর্তি তেলের ডামসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এলায়েট মিলস এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, আমরা খবর পেয়েছিলাম ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে তেলের ড্রাম ভর্তি একটি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজন ডাকাতকে দেশীয় অস্ত্র ও খেলনা ওয়াকিটকিসহ গ্রেপ্তার করা হয় এবং তেলের ড্রাম ভর্তি ট্রাক উদ্ধার করা হয়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত তেলের ড্রাম ভর্তি ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।###













