রূপগঞ্জে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

জুন ২৩ ২০২৬, ১৮:০৭

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এলাকায় নাশকতা, জ্বালাও-পোড়াও বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন, রূপগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের নেতৃত্বে তারাবো, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে কালাদী, উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ৩০০ ফিট সড়ক, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়ার নেতৃত্বে গোলাকান্দাইল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানার নেতৃত্বে মুড়াপাড়ায়, জেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে দাউদপুরে পৃথক মিছিল বের করা হয়।

বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও