রূপগঞ্জে বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বীর হাটাবো এলাকায় অবস্থিত আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের নামে দানকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিশিষ্ট ইসলামিক বক্তা ও আল-জামিআহ- আস-সালাফিয়্যাহ মাদ্রাসা প্রতিষ্ঠাতা দাবীদার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ভুক্তভোগী ও বিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, বিদ্যালয়ের নামে দান করা প্রায় ১৪ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, জমিটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং এ সংক্রান্ত দানপত্র ও রেকর্ডও রয়েছে।
সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের সামনে একটি সাইনবোর্ড দেখা যায়, যেখানে উল্লেখ করা হয়েছে যে, হাকিমউদ্দিন ভূঁইয়া ও আজিমউদ্দিন ভূঁইয়া বিদ্যালয়ের নামে ১৪ শতাংশ জমি দান করেছেন। সাইনবোর্ডে বিভিন্ন সিএস, এসএ ও আরএস খতিয়ান এবং দাগ নম্বরের তথ্যও প্রদর্শন করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এর আগেও একই এলাকায় কৃষকের জমি দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছিল। তাদের দাবি, পরবর্তীতে সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া বীর হাটাবো গ্রামে কৃষকের জমি দখল করে আল-জামিআহ- আস-সালাফিয়্যাহ প্রতিষ্ঠা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, বর্তমানে এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ব্যক্তিগত প্রভাব বিস্তার করা হচ্ছে এবং প্রতিবাদকারীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ অভিযোগে তারা আ. রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের নামও উল্লেখ করেছেন।
এদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, জমির মালিকানা সংক্রান্ত তথ্য সম্বলিত সাইনবোর্ড দিনের বেলায় স্থাপন করা হলেও রাতের আঁধারে তা খুলে ফেলে বা ফেলে দেয় আ. রাজ্জাক বিন ইউসুফের অনুসারীরা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
তবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।












