রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় ১২অক্টোবর সোমবার ভোরে রাজন মিয়া(২৬) নামের এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
নিহত রাজন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া(২২) এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া(২৪)।
থানা পুলিশ জানায়, কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজন মিয়ার অটোরিকশা ভাড়া নেয়। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে তারা চালক রাজন মিয়াকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তাঁর গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজন মিয়াকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। ##৳













