রূপগঞ্জে নারীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নভেম্বর ০৩ ২০২৬, ১৪:৫৬

Spread the love

নজরুল ইসলাম লিখন,রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ঋতু আক্তার (২২) নামে এক নারীকে পথরোধ করে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গলায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

গত ২ নভেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় জনৈক সিরাজুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঋতু আক্তার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে গুতুলিয়া এলাকায় পৌঁছালে মতিন (৩৫), জাহিদুল (৩৫) ও মাশরাফি (২৪)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তাঁর গাড়ির গতিরোধ করেন।

তাঁদের হাতে দা, চাকু ও লোহার রড ছিল। পথরোধের কারণ জানতে চাইলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মতিন চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা তাঁর গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ঋতু আক্তার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” ####

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও