রূপগঞ্জে দুই স্টিল মিলকে মোট ৩ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড নামে দুটি স্টিল মিলকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) দুপুরে উপজেলার বলাইখা এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান।
এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার, অফিস সহকারী মো. রাকিবুল ইসলাম এবং রূপগঞ্জ থানার এএসআই আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান বলেন,পরিবেশ দূষণের দায়ে আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডকে দেড় লাখ করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ দূষণের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য স্টিল মিলে যারা পরিবেশ দূষণ করছেন তাদের জন্য এটা একটা সতর্কবাণী।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের অভিযোগ, স্টিল মিল দুটি থেকে নির্গত কালো ধোঁয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। ধোঁয়া ছড়িয়ে পড়লে চারপাশ অন্ধকার হয়ে যায়। এতে পোশাক কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে ধোঁয়ার কারণে কোনো কোনো কারখানায় অটোমেটিক ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আগুন লাগার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন শ্রমিকরা। সঙ্গে আশপাশের বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি, শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ করলে চলবে না। শিল্পকারখানাগুলো যাতে পরিবেশগত বিধিমালা মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি করতে হবে।













