ফরটিস গ্রুপের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশন, রূপগঞ্জে শুস্ক মৌসুমেও পানিবন্দি ৫ গ্রামের মানুষ
ফরটিস গ্রুপের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশন, রূপগঞ্জে শুস্ক মৌসুমেও পানিবন্দি ৫ গ্রামের মানুষ
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফরটিস গ্রুপের বালু ভরাটের কারণে পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে গত দুই দিনের বৃষ্টিতে উপজেলার পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
পানি ঢুকে পড়েছে বসতবাড়ি, রান্নাঘর ও গাড়ির গ্যারেজে। এ পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন নারী, শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগবের, টিনর, কেয়ারিয়া, দক্ষিণবাগ ও বেইলারট গ্রামের বাসিন্দারা প্রতিদিন যাতায়াতের জন্য সংশ্লিষ্ট ১০০ ফুট সড়কটি ব্যবহার করেন।
কিন্তু বৃষ্টি হলেই সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ফরটিস গ্রুপের বালু ভরাটের কারণে সড়কের নিচ দিয়ে থাকা পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে বের হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সড়কে পানি জমে থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে সমস্যা হচ্ছে।
অনেককে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। আবার কোনো কোনো স্থানে পানি এতটাই জমে যে প্রয়োজনীয় কাজেও ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে।
টিনর গ্রামের বাসিন্দা নাইমি মিয়া অভিযোগ করে বলেন, ফরটিস গ্রুপের বালু ভরাটের কারণে ১০০ ফুট সড়কের নিচে থাকা পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে গেছে। আগে বৃষ্টির পানি ওই পাইপ দিয়ে বের হয়ে যেত। এখন পানি বের হওয়ার পথ বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেক সময় পানি জমে থাকায় ঘর থেকে বের হওয়াও সম্ভব হয় না। বিষয়টি দ্রুত সমাধান না হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
একই গ্রামের বাসিন্দা জজ মিয়া বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুল-কলেজে যেতে পারে না। অনেকের বসতবাড়ির ভেতরে পানি ঢুকে পড়েছে। আমার রান্নাঘর ও গাড়ির গ্যারেজও পানিতে ডুবে গেছে। প্রতিদিন এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও এখন পর্যন্ত এর স্থায়ী কোনো সমাধান হয়নি। পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে থাকলে তা দ্রুত সচল করা এবং প্রয়োজনে বিকল্প পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে বালু ভরাটের কারণে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফরটিস গ্রুপ যতই শক্তিশালী হোক না কেন, জনগন আগে, অবৈধভাবে বালু ভরাট করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, বালু ভরাটের কারণে পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফরটিস গ্রুপের এক কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
পাঁচ গ্রামের মানুষের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা হোক। পাশাপাশি জলাবদ্ধতার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।












