১১ বছর ধরে আওয়ামী লীগ ব্যস্ত রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে, বন্ধ করতে হবে সব ধরনের অন্যায়, বৈষম্য, ব্যাংক লুট। বিচার করতে হবে শেয়ারবাজার লুটেরাদের-নঈম নিজাম
অনলাইন ডেস্কঃগত ১১ বছর ধরে আওয়ামী লীগ ব্যস্ত রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে। আর রাস্তার আগাছারা এখানে ব্যবসা-বাণিজ্য করে বিত্তশালী। টেকনাফ থেকে তেঁতুলিয়া- একই চিত্র। সরকারি দলের আড়াল নিয়ে মাদক, জুয়া সব ধরনের অপকর্মই হয়েছে। এই নষ্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।
আজব আজব খবর শুনছি এখন। সেদিনও করত ফ্রীডম পার্টি। এখন যুবলীগ নেতা। কেউ বনে গেছেন আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের উপকমিটির নামে যাকে তাকে নিয়ে আসা হতো। ছাত্রলীগের লোকজন ঠাঁই পেত না। এই সুযোগে বিএনপি, জামায়াতের অনেক নেতাও আওয়ামী লীগ বনেছেন। কেউ বুঝল না তারা দল করতে আসেননি। এসেছেন ব্যবসা করতে। সুযোগ পেয়েই ঐতিহ্যবাহী দলটিকে নিয়ে বাণিজ্য করছেন। এই নষ্টভ্রষ্ট নতুন নতুন আওয়ামী লীগারদের নিয়েই সমস্যা তৈরি হচ্ছে। জটিলতা বেড়েছে। হারিয়ে গেছে অনেক স্বপ্ন। ভ্রষ্টদের এই বাণিজ্য বন্ধ করতে হবে। ক্ষমতায় টানা থাকার সমস্যা অনেক। কিছু মানুষ রাতারাতি বিত্তবৈভবের মালিক হয় লাগামহীনভাবে। শুধু এই শহর নয়, জেলা-উপজেলা পর্যায়ে গড়ে উঠছে রাজনীতির নামে বাণিজ্য মাফিয়া। তারা গড়ে তুলছে বিশাল বিশাল প্রাসাদ। সেই প্রাসাদগুলো সাধারণ মানুষের চোখে নেতিবাচক প্রভাব রাখছে। গত ১১ বছর ধরে আওয়ামী লীগ ব্যস্ত রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে। আর রাস্তার আগাছারা এখানে ব্যবসা-বাণিজ্য করে বিত্তশালী। টেকনাফ থেকে তেঁতুলিয়া- একই চিত্র। সরকারি দলের আড়াল নিয়ে মাদক, জুয়া সব ধরনের অপকর্মই হয়েছে। এই নষ্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। মাদকসম্রাটদের ধরুন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করুন। লুটেরাদের বিরুদ্ধে থাকুন জিরো টলারেন্সে। বঙ্গবন্ধুকন্যার এই অভিযান ব্যর্থ হতে দেওয়া যাবে না। সবারই মনে রাখা দরকার, জাতির জনক দেশটা স্বাধীন করেননি এই লুটেরাদের জন্য। বড় মাফিয়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, দুবাইতে ঘাঁটি গড়েছে। বের করতে হবে কারা ব্যাংকের অর্থ পাচার করেছে এসব দেশে। অর্থ পাচারকারী ব্যাংক লুটেরাদের চিহ্নিত করতে হবে। এখনো অনেক মুক্তিযোদ্ধার ওষুধ কেনার টাকা নেই। মূল্যায়ন হয়নি ময়দানে যুদ্ধ করা অনেক শহীদ পরিবারের। ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ দানবের কবলে থাকতে পারে না। ঢাকা শহরে এখন চলা যায় না। রাস্তার টোকাইরা যা খুশি তা করছে। ঢাকার বাইরেও একই চিত্র। বন্ধ হোক সব ধরনের নৈরাজ্য। রাজনীতি ফিরে আসুক রাজনীতিবিদদের কাছে। সাধারণ মানুষের কাছে। বাংলাদেশ কারও জমিদারি নয়। শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর পরিবার বলতে তাঁরা দুই বোন ও তাদের সন্তানদেরই বোঝায়। এরপর আর কোনো কথা থাকে না। অপরাধী যত প্রভাবশালী হোক আটক করতে হবে। অভিযান ছাত্রলীগ, যুবলীগ দিয়ে শুরু। এ অভিযান এখানে শেষ হলে চলবে না। সব অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ কারও চিরস্থায়ী ইজারার কেন্দ্র নয়। সরকারি অফিস কারও লুটের অংশ হতে পারে না। হিংসা-বিদ্বেষ ভুলে শান্তির সোপান তৈরি করতে হবে। বন্ধ করতে হবে সব ধরনের অন্যায়, বৈষম্য, ব্যাংক লুট। বিচার করতে হবে শেয়ারবাজার লুটেরাদের।সবারই মনে রাখা দরকার, ঠুনকো কাচের মতো ভেঙেচুরে শেষ হয়ে যায় ক্ষমতার বাড়াবাড়ি। ইতিহাস তা-ই বলে। অর্থনীতি, রাজনীতি, সমাজ নিয়ে ভাবনায় পরিবর্তন আনতে হবে। আমরা একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। এ সমস্যার ইতি টানতে হবে। অন্যায়-অসংগতি দূর করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করতে হবে কঠোরভাবে। কর্মকর্তাদের সততা-নিষ্ঠাই পারে রাজনীতিবিদদের লাগাম টানতে। এখন আর সেই কর্মকর্তা নেই। অন্যায়-অসংগতির লাগামহীন দাপটে স্বপ্নবাজ মানুষ হারিয়ে যাচ্ছেন। চলে যাচ্ছেন সবকিছু থেকে। রাজনীতিবিদদের প্রতি একটা সময় মানুষের গভীর সম্মান ছিল। ভালোবাসা ছিল। একসময় সমাজের ভালো পরিবারের মানুষ রাজনীতি করতেন। আবার অহংকারহীন কিছু মানুষ রাজনীতি করতেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই মানুষগুলো আজ আর নেই। ’৮৬ সালের ভোটের কথা। নাঙ্গলকোটে আমার বাড়ির পাশের একটি বাজারে হঠাৎ দেখলাম গামছা পেতে অর্থ তুলছেন আওয়ামী লীগের কর্মীরা। সেই অর্থ দিয়ে কেন্দ্র খরচ চালালেন। এখন সেই নেতাও নেই, সেই রাজনীতিও নেই। এই লেখা শেষ করছি ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য দিয়ে। ’৭৫ সালের ২৫ জানুয়ারি জাতির জনক আক্ষেপ করে বলেছিলেন, ‘আজকে করাপশনের কথা বলতে হয়। এই বাংলার মাটি থেকে করাপশন উৎখাত করতে হবে। করাপশন আমার বাংলার কৃষকরা করে না। করাপশন আমার বাংলার মজদুর করে না। করাপশন করি আমরা বাংলার শিক্ষিত সমাজ। যারা আজকে ওদের টাকা দিয়ে লেখাপড়া করেছি। আজ যেখানে যাবেন, করাপশন দেখবেন- আমাদের রাস্তা খুঁড়তে যান- করাপশন। খাদ্য কিনতে যান করাপশন। বিদেশ গেলে টাকার ওপর করাপশন। তারা কারা? আমরা যে ৫% শিক্ষিত সমাজ, আমরা হলাম দুনিয়ার সবচেয়ে করাপ্ট পিপল, আর আমরাই করি বক্তৃতা। আমরা লিখি খবরের কাগজে, আমরাই বড়াই করি…’ বঙ্গবন্ধুর সেই ভাষণ অমরতা পেয়েছে। কারণ সময় বদল হয়েছে। আমাদের সমাজ বদল হয়নি। বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করেছিলেন। আজ তার মেয়ে সেই বাস্তবতায় নতুন করে লড়াই শুরু করেছেন। শেখ হাসিনার এ লড়াই ব্যর্থ হতে দেওয়া যাবে না। উৎস-বাংলাদেশ প্রতিদিন










