রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ধারালো অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের কাজীবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতি হওয়া মালামাল বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর)উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী এলাকার মো: তামজিদ মিয়া (২২), মো: শাহিন মিয়া (৩১), মো:শামিম মিয়া (২৬), হৃদয় দাস (২০) ও কুমিল্লা জেলার হোমনা এলাকার মো: শরিফ মিয়া (৩৫)।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার
২৪সেপ্টেম্বর ভোরে মুখোশ পরিহিত ১৫/১৬ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। বাড়ির বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে। পরে ব্যবসায়ী আবুল হোসেন(৬৫), তার স্ত্রী কলি বেগম(৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে(৩৫) মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট চালায়।
একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে আবুলের বাড়িতে ডাকাত পগেছে বলে ঘোষণা করলে আশপাশের এলাকার মানুষ ছুটে আসলে ২০ ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩লাখ ৫০হাজার টাকাসহ ৫০লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানে করে ডাকাতরা নরসিংদীর দিকে পালিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। পরে সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে উৎসুক জনতা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়ি থেকে লুটে নেওয়া সোয়া ৬ ভরি স্বর্ণালংকার তাদের কাছ থেকে উদ্ধার করে। পুলিশ ডাকাতদের ব্যবহৃত পিকআপভ্যান, ধারালো অস্ত্রশস্ত্র ও ডাকাতের ব্যবহৃত মালামাল জব্দ করে। এসময় ডাকাতদলের পাঁচ সদস্যকে পুলিশ গ্রেফতার করে।
এব্যাপারে ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে আল জাবের রানা বাদী হয়ে পাঁচ জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বিকেলে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, ঘটনাস্থল পুুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদলের অন্য সদ্যসদের গ্রেফতারে পুুলিশ তৎপর রয়েছে। ######













