অন্য কেন্দ্র থেকে প্রশ্ন এনে ৪০ মিনিট পর এসএসসি পরীক্ষা
শনিবার এসএসসি পরীক্ষার প্রথম দিন। এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অভিভাবকরা জানান, বাংলা প্রথম পত্র পরীক্ষার বোর্ড নির্ধারিত রচনামূলক প্রশ্ন কেন্দ্রে না থাকায় উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে প্রশ্ন সংগ্রহ করে প্রায় ৪০ মিনিট পর তা বিতরণ করে কেন্দ্র কর্তৃপক্ষ।
দুয়ারিয়া এজি মডেল একাডেমির অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. আবু সেলিম ভূইয়া বলেন, ‘সকালে প্রশ্ন আনতে গিয়ে আমাদের কেন্দ্রে প্রশ্নের প্যাকেটে প্রশ্ন কম মনে হলে বিষয়টি উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে জানাই। তখন তিনি কেন্দ্রে এসে প্যাকেট খুলতে বলেন। কেন্দ্রে এসে প্যাকেট খুলে দেখতে পাই যে সেটে পরীক্ষা নেওয়ার কথা সেই সেটটি আমাদের প্যাকেটে নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে প্রশ্ন সংগ্রহ করে দিলে পরীক্ষা শুরু করা হয়।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবীন্দ্র চাকমা জানান, শনিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু দুয়ারিয়া এজি মডেল একাডেমি কেন্দ্রে বোর্ড নির্ধারিত প্রশ্নের সেট না থাকায় পরীক্ষা বিলম্বিত হয়। পরে পরীক্ষার্থীদের লস সময় ৪৫ মিনিট দেওয়া হয়।
তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ বলেন, ‘দেবিদ্বার একটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা ৪০ মিনিট পর প্রশ্নপত্র হাতে পেয়েছে, বিষয়টি আমি শুনেছি। তবে কী কারণে এমনটি হয়েছে, আমি বলতে পারবো না।’








