ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়: ব্রিজ খেলোয়াড়গণ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি
দৈনিক আগমনীঃ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ব্রিজ। আজ সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ‘ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া কার্ড’ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের ৮ জন খেলোয়াড় রাষ্ট্রীয় ক্রীড়া ভাতা ও বিশেষ সম্মাননা লাভ করেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী ব্রিজ খেলোয়াড়দের অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল এবং খেলাটির বিকাশে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে কেবল ভাতা প্রদানই নয়, বরং কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য নির্বাচিত খেলোয়াড়দের হাতে বিশেষ পুরস্কারও তুলে দেওয়া হয়। এই সম্মাননা খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি দেশের ব্রিজ অঙ্গনে পেশাদারিত্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।তারা সরকারের এ উদ্যোগকে ক্রীড়া উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।













