ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
দৈনিক আগমনীঃ বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে ‘Assessment in Enhancement of Coastal Embankments Health in Response to Storm Surges Considering Climate Change in Koyra and Shyamnagar Upazilas’ শীর্ষক ৩দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ ৯ নভেম্বর ২০২৬ সোমবার বিভাগের সেমিনার কক্ষে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) সাব প্রজেক্টের আওতায় এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
সাব প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক দেওয়ান মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রজেক্টের সার-সংক্ষেপ তুলে ধরেন সহযোগী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসাইন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, গবেষণার মূল লক্ষ্যই হতে হবে দেশের কল্যাণ সাধন। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উন্নত মানের গবেষণার জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়













