রূপগঞ্জে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রূপগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকার টিএম মাস্টার ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করা বিআরটিসি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৬৫৩১) আগুন দেয় দুর্বৃত্তরা। ৯ নভেম্বর সোমবার রাত দুইটার দিকে ৯সদস্যের একদল দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে এ আগুন দেয়।
পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা লাঠিতে আগুন জালিয়ে বাসের ভিতর নিক্ষেপ করে। এতে বাসে আগুনের সূত্রপাত ঘটে। একপর্যায়ে ফিলিং স্টেশনে কর্তব্যরত নৈশপ্রহরীরা তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।













