রূপগঞ্জে মশার জ্বালায় অতিষ্ট মানুষ, সন্ধ্যা হলেই চলে মশার তান্ডব, ওষুধ ছিটানোর নেই কোন ব্যবস্থা
নজরুল ইসলাম লিখণ, রূপগঞ্জ : রূপগঞ্জে মশার উপদ্রবে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ| সন্ধ্যা নামলেই ঘরে-বাইরে টেকা দায়| কায়েতপাড়া, রূপগঞ্জ সদর, দাউদপুর, ভুলতা, গোলাকান্দাইল, ভোলাবসহ প্রায় সব ইউনিয়নে একই চিত্র| সন্ধ্যা হলেই শুরু হয় মশার রাজ্য দখলের খেলা| কয়েল, স্প্রে, ব্যাট কিছুতেই কাজ হয় না| মশার কাছে যেন মানুষ অসহায়| কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার বাসিন্দা আওলাদ ভুইয়া বলেন, পৌরসভাগুলোতে মশার ওষুধ ছিটালেও ইউনিয়নবাসী যেন চির অভাগা| ট্যাক্স, ভ্যাট তো আমরাও দেই| তবে কেন মশার ওষুধ দেয় না| আমরা কি সরকারের সতীনের সন্তান?
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলায় মশা মারার ওষুধ ছিটানো হয় না| ড্রেন, ডোবা, জমে থাকা পানি আর ময়লার ভাগাড়ে মশার বংশবিস্তার চলছে অবাধে| ইউনিয়ন পরিষদ থেকে কোনো ফগার মেশিনের গাড়ি চোখে পড়ে না|
কায়েতপাড়ার বাসিন্দা কাজী আবুল হোসেন বলেন, “সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে ছাদে ওঠা যায় না| মশার কামড়ে ডেঙ্গু, চিকুনগুনিয়ার ভয়ে আছি| ওষুধ ছিটানোর কেউ নেই|”
ফজুল হক বলেন, আমরা কায়েতপাড়াবাসী জন্ম থেকে অভাগা| স্বাধীনতার পর উল্লেখ্যযোগ্য উন্নয়ন চোখে পড়েনি| আমাদের জমিজামাও ভূমিদস্যুরা দখল করে নিয়েছে| ঢাকার ময়লা আবর্জনায় বালুনদ ও শীতলক্ষ্যা নদী একাকার| মশার উৎপত্তি এখান থেকে হলেও দেখার কেউ নেই| আমরা রূপগঞ্জের এতিম সন্তান| আমাদেও দেখার কেউ নেই|
গৃহবধূ আয়মান জাহান জানান, দিনের বেলাতেও মশারি টাঙিয়ে ঘুমাতে হয়| কয়েল, স্প্রে কিনতে কিনতে মাসে হাজার টাকা খরচ হচ্ছে|
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানসিভ জুবায়ের বলছেন, এখন ডেঙ্গুর মৌসুম| এখনই মশা নিধনে ব্যবস্থা না নিলে রূপগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে|
সাম্প্রতিক সময়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আগের তুলনায় মশার উপদ্রব কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে| মশার প্রজনন বৃদ্ধির সঙ্গে সঙ্গে রূপগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ˆতরি করেছে| বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং খোলা স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা মশার বংশ বিস্তারে সহায়তা করছে|
ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার বা পাত্রে যেন জমানো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে| দিনে ও রাতে মশারি ব্যবহার করা এবং প্রয়োজনে মশানাশক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে|
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের এ খাতে কোন বরাদ্ধ নেই|
এ বিষয়ে উপজেলা প্রশাসনের দ্রুত ফগার মেশিন দিয়ে নিয়মিত ওষুধ ছিটানো, ড্রেন পরিষ্কার ও জমে থাকা পানি অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী|
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ইউনিয়ন পরিষদে মশা নিধনের জন্য কোন বরাদ্ধ নেই| তবে ইউনিয়নবাসীরা চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করলে কোন খাত থেকে ফান্ডের ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখি| ওরাও রূপগঞ্জেরই সন্তান, সতীনের সন্তান হবে কেন|##













