রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক

নভেম্বর ২৩ ২০২৬, ১৯:৩৩

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে লিপি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী লাভলু মিয়ার বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে তারাব পৌরসভার রূপসী কলাবাগান এলাকার একটি ভাড়া বাসার টয়লেট থেকে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

প্রতিবেশীরা জানান, অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে বাসায় ফেরেন লাভলু। এরপর চিৎকার শুনতে পান তারা। সিসিটিভি ফুটেজে রাতেই লাভলুকে বাসা থেকে বের হতে দেখা গেছে।

ভোরে টয়লেটে লিপির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। মরদেহের গলার আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও