কারাগারে খালেদা জিয়ার ৬ মাস

আগস্ট ০৮ ২০১৮, ১২:২২

Spread the love
‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ছয় মাস পার করলেন। তার বিরুদ্ধে দায়ের করা ৩৬টি মামলার মধ্যে তিনটির জামিন এখনও বাকি। আগামী জাতীয় নির্বাচনের আগে তার জামিন না পাওয়ার আশঙ্কার কথাও বলছেন দলটির নেতাকর্মীরা।

বিএনপি’র শীর্ষ নেতারা জানান, নির্জন কারাগারে ভালো নেই বেগম জিয়া। নানা রোগে ভুগছেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে নির্জন কারাগারে অন্তরীণ তিনি। মুক্তির দাবিতে তার দল নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে।

কিছুদিন পরেই ঈদুল আজহা। এর মধ্যে বাকি মামলায় জামিন না পেলে কারাগারে ঈদ করতে হবে খালেদা জিয়াকে। ঈদুল ফিতরও কেটেছে কারাগারে এই নেত্রীর। দলের নেতারা জানিয়েছেন, ঈদুল আজহার আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েকটি কর্মসূচি দেওয়ার চিন্তা করা হচ্ছে। তবে ঈদের পর কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনাও আছে দলটির।

খালেদা জিয়া অসুস্থ হওয়ায় গত ৭ এপ্রিল চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। তবে বিএনপি ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার দাবি জানায়। উল্লেখ্য, ৭৩ বছর বয়সী খালেদা জিয়ার হৃদযন্ত্র, চোখ ও হাঁটুর সমস্যা রয়েছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচন একতরফা করতে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার মামলায় তার নেত্রীকে সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গুরুতর অসুস্থ হলেও তার চিকিৎসা দেওয়া হচ্ছে না।

খালেদা জিয়ার মামলার সর্বশেষ অবস্থা প্রসঙ্গে গতকাল মঙ্গলবার বিকালে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ৩৬টি মামলার মধ্যে ৩৩টিতে জামিনে আছেন বিএনপি চেয়ারপারসন। কুমিল্লা, নড়াইল ও ঢাকার তিনটি মামলার জামিন বাকি আছে।

খালেদা জিয়ার আরেক আইনজীবী বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম জিয়ার আরও আগেই কারামুক্তির কথা ছিল। কারণ, গত ১২ মার্চ হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিলেও সরকার খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ করেন, যাতে তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন, সেই জন্য এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

নাজিমউদ্দিন রোডের পুরানো কারাগারে আছেন খালেদা জিয়া। সকালে ঘুম থেকে উঠে পত্রিকা পড়েন তিনি। ইবাদত-বন্দেগি ও বই পড়ে দিনের বেশিরভাগ সময় কাটছে বলে জানিয়েছেন তার স্বজন ও দলের নেতারা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও