নির্বাচনি তফসিল ঘোষণার আগে দাবি মেনে নেওয়ার আহ্বান বিএনপির
সোমবার ( ১০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির নেতারা সরকারের কাছে এসব দাবি তুলে ধরেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। আমরা তার মুক্তি চাচ্ছি, এটা কোনও করুণা নয়। কোনও দয়া ভিক্ষা চাচ্ছি না। তিনি উচ্চ আদালতে থেকে জামিন পেয়েছেন। অব্যশই তাকে মুক্তি দিতে হবে, মুক্তি তার আইনগত প্রাপ্য।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচন পরিচালনার জন্য, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছি, নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়ন করতে হবে।’
খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনও নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তাকে মুক্তি দিলে বোঝা যাবে সরকার দেশে একটা নির্বাচন চায়।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১ টা থেকে মানববন্ধন কর্মসূচি আনুষ্ঠিকভাবে শুরু হলেও সকাল সাড়ে ৯ টা থেকিই প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে দলটির নেতাকর্কমীরা। মানববন্ধনে বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বিএনপির ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।












