রূপগঞ্জে এসিআই সল্ট কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লবণ কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।এ সময় বর্জ্য অব্যবস্থাপনার দায়ে কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মঙ্গলখালী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এসিআই সল্ট নামক একটি লবণ কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, এসিআই সল্ট লবন কারখানাটি ইটিপি প্ল্যান থাকলেও তা ব্যবহার না করে সরাসরি বর্জ্য নদীতে ফেলছে।কারখানার দূষিত বর্জ্য রাস্তাঘাটের পাশে ফেলা হচ্ছে। এতে করে পরিবেশের ক্ষতি সাধন ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
তিনি বলেন,অভিযান কালে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অন্যান্য কাগজ পত্রের অনুমোদন থাকলেও প্রায় ১১ বছর ধরে তা নবায়ন করেননি কর্তৃপক্ষ। এছাড়া কারখানার বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হয়। তাৎক্ষণিকভাবে বর্জ্য অব্যবস্থাপনার দায়ে কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। এছাড়া অন্যান্য অভিযোগগুলো কাগজপত্র পর্যালোচনা করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিটু বড়ুয়াসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বিপুলসংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।













