ফিকে হয়ে যাচ্ছে ঈদ আনন্দ, বান্দরবান ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রূপগঞ্জের এক ব্যবসায়ীর মৃত্যু
রূপগঞ্জ প্রতিনিধিঃ সড়ক পথে বাড়ছে মত্যুর মিছিল। একের পর এক যোগ হচ্ছে লাশের মিছিল। ফিকে হয়ে যাচ্ছে ঈদ আনন্দ। এখন পর্যন্ত রূপগঞ্জেই সড়কে তিন লাশ। ঈদ আনন্দের পরিবর্তে রূপগঞ্জের আকাশে এখন শোকের মাতম।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী বন্ধুবান্ধবদের সঙ্গে বান্দরবান ভ্রমণে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ আক্তার হোসেন (৪০)। তিনি রূপগঞ্জের স্থানীয় বাসিন্দা এবং মৃত মোমেন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আক্তার হোসেন রূপগঞ্জ এলাকায় স্বনামধন্য আরএফএল কোম্পানির সামনে একটি চায়ের স্টল পরিচালনা করতেন। এই ঈদুল ফিতরের ছুটিতে আরএফএল কোম্পানি বন্ধ থাকায় এবং আশপাশের অধিকাংশ মানুষ নিজ নিজ বাড়িতে চলে যাওয়ায় তিনি অবসর সময় কাটাতে বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করেন।
ঈদের দ্বিতীয় দিন রাত প্রায় ১০টার দিকে তিনি তার তিন বন্ধুসহ মোট চারজন মোটরসাইকেলে করে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যেকে আলাদা মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় কুমিল্লার কোটবাড়ি সড়কে আনুমানিক রাত আড়াইটার দিকে তাদের বহরে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রাকের ধাক্কায় মোঃ আক্তার হোসেন তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা আরেকটি যানবাহন তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কুমিল্লা কোটবাড়ি সড়কের দায়িত্বরত সার্জেন্ট বিষয়টি রূপগঞ্জ থানায় অবহিত করেন এবং ঘটনাস্থলের ছবি প্রেরণ করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর তাৎক্ষণিকভাবে নিহতের নিজ বাড়ি সরকারপাড়া এলাকায় উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানান।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।













