দেশের বৈজ্ঞানিক কর্মকান্ডে তরুণ গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ঢাবি উপাচার্য

নভেম্বর ২৬ ২০২৬, ১৮:২৯

Spread the love

দৈনিক আগমনী ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন উদ্ভাবন ও দেশের বৈজ্ঞানিক কর্মকান্ডে তরুণ গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন।

রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং অধ্যাপক ড. মো. আলী নওয়াব-এর জ্যেষ্ঠ পুত্র মো. আলী নাকী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম।

আজ ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রসায়ন বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মো. আলী নওয়াব এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ ‘Advance in Surface Chemistry & Colloidal Science’-শীর্ষক দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু বিদ্যমান জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিৎ নয়। বিশ্ববিদ্যালয়কে নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তব বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ সমাধানের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে হবে। এলক্ষ্যে আমাদের গবেষণার পরিবেশ উন্নত করতে হবে এবং আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার করতে হবে। মানসম্মত গবেষণার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার উপর তিনি গুরুত্বারোপ করেন। বৈজ্ঞানিক জ্ঞান আদান-প্রদান, গবেষণার অভিজ্ঞতা বিনিময়, পেশাগত সম্পর্ক গড়ে তোলা এবং যৌথ গবেষণামূলক উদ্যোগ বাস্তবায়নে এধরনের সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য প্রয়াত অধ্যাপক মো. আলী নওয়াবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, গবেষণার পাশাপাশি তিনি পাঠদান, পরামর্শ প্রদান এবং একাডেমিক উৎকর্ষ সাধনে বিশেষ অবদান রেখে গেছেন। শ্রেণিকক্ষ ও গবেষণাগারের বাইরেও তাঁর প্রভাব বিস্তৃত ছিল। তিনি শিক্ষার্থী ও গবেষকদের নিষ্ঠা, সততা ও বুদ্ধিবৃত্তিক কৌতূহল নিয়ে জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করেছেন। তাঁর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসার জন্য তিনি তরুণ গবেষকদের প্রতি আহবান জানান।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও