ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ফোকলা করে পালিয়েছে– মন্ত্রী ডা. জাহিদ হোসেন
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধিঃ ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের অর্থনীতিকে ফোকলা করে কঙ্কাল রেখে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পটকাবাজি, বোমাবাজি বাসে আগুন লাগানো, মানুষকে উস্কানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন লাগিয়ে কিভাবে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সাথে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার তা করছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। দাউদপুরের মতো অজপাড়াগাঁয়ে সাধারণ মানুষের চিকিৎসা ও হাসপাতাল প্রয়োজনের কথা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের স্বপ্নদ্রষ্টা, আমেরিকা প্রবাসী ও রাজিয়া মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, অ্যাড. গোলজার হোসেন, আব্দুল মতিন, মাসুম বিল্লাহ প্রমুখ।













