ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
সুমন ইসলাম ,ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আব্দুস ছাত্তার কমান্ডারের পক্ষে নারিকেল গাছ মার্কায় নির্বাচন করার জন্য দলীয় নেতাকর্মীদের উপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি, তার নিজ ভবন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমানের বিরোধিতার জন্য ও নেতাকর্মীদের মনোবল ভেঙে দেয়ার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উত্থাপিত হয়েছে উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের বিরুদ্ধে।
এতে আরও উল্লেখ করা হয়, এসব অভিযোগসহ ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগ বরাবর পৌঁছানোর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরামর্শে ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সমুনকে দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।













