হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতনকারী চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন
তমাল কান্তি রায় ,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় এক মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেধে নির্যাতন করায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনকে গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারী) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটর যুগ্ন সাধারন সম্পাদক আজিজুল হক, হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম কাজল, সাধারন সম্পাদক রনিউল ইসলাম রিপন, সহ সভাপতি জামিয়ার জয়, মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান, মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রলীগ নেতা হাসানুজ্জামানসহ আরও অনেকে।
এ সময় বক্তরা বলেন, অবিলম্বে অভিযুক্ত মহির চেয়ারম্যানকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। নতুবা আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।
প্রসঙ্গত, শনিবার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনীকে নিজ বাড়ি থেকে চৌকিদার ও
চেয়ারম্যান তার বাসায় তুলে নিয়ে যায়। এরপর চেয়ারম্যান ও চৌকিদার ওই মুক্তিযোদ্ধাকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন। বিষয়টি নিয়ে জানা-জানি হলে এলাকায় ব্যাপক আলোচনা সমোলচনার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে স্থানীয়দের চাপে মুক্তিযোদ্ধা ধনীর হাতের বাঁধন খুলে দেওয়া হয়। এরপর মুক্তিযোদ্ধা নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে স্থানীয় মাতব্বরা। তবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ফলে থানায় অভিযোগ করা হয়। আর সেই অভিযোগ নথিভুক্ত করেন পুলিশ। অভিযোগ নথিভুক্ত হওয়ার পর থেকে পালাতক রয়েছেন ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন। পুলিশ তাকে গ্রেফতারের জন্যে জোর প্রচেষ্ঠা করছেন।
স্থানীয়রা জানান, চেয়ারম্যানের ওই বাড়িতে এর আগেও ২০২০ সালের ১৬ মে নুরুজ্জামান নামে এক যুবককে চেয়ারম্যানের ওই বাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের পর ইয়াবা দিয়ে ফাঁসানো চেষ্টা করেন চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর ও ভাই মনসুর হেলাল। আর সেই ঘটনার মামলায় বর্তমানে তারা জামিনে আছেন।












