রূপগঞ্জে আওয়ামীলীগ কার্যালয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন মেম্বার।
এসময় তিনি সন্ত্রাসীদের হামলায় ভাংচুরের ছবি ও লাইভে এসে ভাংচুরের চিত্র সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রকাশ করেন। এসময় তারা এ হামলার তীব্র প্রতিবাদ জানান। ফেসবুক লাইভ, ছবি গুলো সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ পেলে মূহূর্তের মাঝেই এগুলো ভাইরাল হয়ে যায়। স্থানীয় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন মেম্বার বলেন, ইদানিং কায়েতপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা গুলোতে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। রাত হলেই বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে এলাকা গুলো মহড়া দেয়। এতে করে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বেশকয়েকদিন ধরে এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের মহড়া চললেও পুলিশের নিরব ভূমিকা পালন করছে। এতে করে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতা ভূগছে।












