জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে ভবিষ্যতে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হবেঃ অলি
আগমনী ডেস্কঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ডঃ কর্নেল (অবঃ) অলি আহমদ বীরবিক্রম আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেছেন, জিয়াউর রহমানের পেছনে লেগে লাভ নেই।
যদি তার বীর-উত্তম খেতাব বাতিল করা হয়। তাহলে ভবিষ্যতে তাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হবে। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার বিকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে এলডিপি আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
অলি বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা। চেতনা কোথা থেকে আসে। শুয়ে শুয়ে কি চেতনা আসে। মুক্তিযুদ্ধের চেতনা তো হবে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে।
আওয়ামী লীগের একজন নেতার নাম বলেন যিনি বীর-উত্তম, বীরবিক্রম বা বীরপ্রতীক ছিলেন। একজন সেক্টর কমান্ডারের নাম বলেন যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন।













