সরকারের দিকনির্দেশনায় করোনা মোকাবেলায় কাজ করে যাবে সেনাবাহিনীঃ সেনাপ্রধান
আগমনী ডেস্কঃ করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর টাউনহল এলাকায় এ কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি।
পরে সেখানে কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।
এ সময় সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ এলাকায় চলমান অপারেশন কোভিড শিল্ডের দ্বিতীয় পর্বে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের দিকনির্দেশনায় কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।
সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং ময়মনসিংহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান।
করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী ঘোষিত লকডাউন বাস্তবায়নে অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে গত ১ জুলাই থেকে মাঠে রয়েছে সেনাবাহিনী। টহলের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।












