কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান -ইশরাক হোসেন

অক্টোবর ১৩ ২০২২, ১৯:৪৮

Spread the love

আনোয়ার হোসেন,চট্টগ্রাম বুরোঃ সম্প্রতি আওয়ামী লীগের এক মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর হুমকি দিয়ে বলেছেন,‘এভাবে যদি কথা বলতে থাকেন, তাহলে প্রধানমন্ত্রীকে ভাবতে হবে বেগম জিয়া বাইরে থাকবেন নাকি আবারও কারাগারে যাবেন।’

এই কথার প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত এক মহাসমাবেশে বক্তব্যে প্রদানকালে ইশরাক হোসেন বলেন,”বর্তমান অবৈধ সরকারের সন্ত্রাসী মন্ত্রীরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার দিবাস্বপ্ন দেখছে। ওইসব সন্ত্রাসী মন্ত্রীদের আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের নেত্রীর দিকে যে বাড়াবে সেই হাত আমরা জ্বালিয়ে দিব, ভেঙ্গে দিব, পুড়িয়ে দিব, কেটে দিব।’

এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরও বলেন, ‘এই চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তার ডাকেই শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত হয়েছে।’

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে যাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দায়িত্বশীল সকলকে ধন্যবাদ দেন ইশরাক।

বর্তমান সরকারের শাসন ব্যবস্থার সমালোচনা করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘দুর্নীতি আর অপশাসনে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে এই সরকার। অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছে এই সরকার। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হঠিয়ে আবারও দেশের গণতন্ত্রকে উদ্ধার করার এই আন্দোলন চলতেই থাকবে।’

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। নগরের পোলো গ্রাউন্ড মাঠ পূর্ণ হয়ে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও