নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) ভোটের হাওয়া, জয়-পরাজয়ে ফ্যাক্টর হতে পারে ‘আওয়ামী লীগের নীরব ভোটার’

ডিসেম্বর ১৮ ২০২৫, ১৯:১১

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)। প্রায় চার লক্ষাধিক ভোটারের এ আসনে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল মতিন চৌধুরী জয়ী হন। ১৯৯৬ সালে আওয়ামীলীগের কাজী সফিউল্লাহ জয়ী হন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদে বিএনপি সরকার গঠন করে। আবারও জয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মতিন চৌধুরী। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত আসনটি ছিল আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজীর দখলে।

বিএনপি এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়াকে (দিপু ভুঁইয়া) প্রার্থী করেছে। তিনি এবার প্রথম সংসদ নির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। ২০০৮ ও ২০১৮ সালে এখানে বিএনপির প্রার্থী ছিলেন নির্বাহী কমিটির আরেক সদস্য কাজী মনিরুজ্জামান। তিনি এবার মনোনয়ন পাননি।

গণসংযোগ শুরুর পর থেকে মানুষের সাড়া পাচ্ছেন উল্লেখ করে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, ‘এখানে কে এমপি-মন্ত্রী হলো সেট বড় বিষয় নয়, রূপগঞ্জবাসীর জন্য উন্নয়ন ও দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

জামায়াত এখানে প্রার্থী করেছে আনোয়ার হোসেন মোল্লাকে। রূপগঞ্জ উপজেলা জামায়াতের মজলিশে শুরার এই সদস্য এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক নীরব রায়হান ও যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলাম এখানে এনসিপির মনোনয়নপ্রত্যাশী বলে দলীয় সূত্রে জানা গেছে।

আসনটি একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে সেই দুর্গ হাতছাড়া হয় বিএনপির। এবার নির্বাচনি মাঠে আওয়ামী লীগ নেই। তবে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাধারণ ভোটাররা এ আসনে জয়-পরাজয়ে ফ্যাক্ট হতে পারে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

আসনটিতে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত দলের টিকিট পেয়েছেন মোস্তাফিজুর রজমান দিপু ভুইয়া। মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান তেমন শক্তিশালী না হলেও বিগত কয়েকমাস ধরে সামাজিক কর্মকা- শুরু করেছে জামায়াত। ইতোমধ্যে একক প্রার্থী হিসেবে আনোয়ার মোল্লার নাম ঘোষণা করেছে দলটি। ইউনিয়নে ইউনিয়নে ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ গণসংযোগ করছেন তিনি।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের সাথে। অন্য দলগুলোর একাধিক প্রার্থীও নির্বাচন সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু বলেন, ‘সামনের নির্বাচন বিএনপির জন্য এক কঠিন চ্যালেঞ্জ। তারেক রহমানও সামনের নির্বাচনকে বিএনপির জন্য কঠিন এক পরীক্ষা বলে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে আমরা সহজ হিসেবে দেখছি না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে থাকলে ভোটারদের চিহ্নিত করা যেত। এখন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা কোনদিকে যাচ্ছে সেটিও চ্যালেঞ্জের। তাছাড়া আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও সেক্ষেত্রে অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে হচ্ছে বিএনপিকে। এ নির্বাচন শুধু ব্যালটে সিল মারার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ভোটের আগে থেকে নানান কৌশল ও ষড়যন্ত্র হচ্ছে।’
মাঠে এবার জামায়াতের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘রূপগঞ্জ বিএনপির দুর্গ। তারপরেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ভিন্ন অবয়বে হাজির হয়েছে। যদিও রূপগঞ্জে জামায়াতের অবস্থান তেমন শক্ত নয়। নির্বাচনে আমরা কোনো প্রতিদ্বন্দ্বীকে দুর্বল মনে করছি না। পুরো নির্বাচনটি আমাদের জন্য চ্যালেঞ্জের।’
দলীয় কোন্দলের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘ভোটের আগে নানান মত থাকতে পারে। গণতান্ত্রিক রাজনীতিতে সবাই মনোনয়নও চাইতে পারে। কিন্তু ধানের শীষের পক্ষে বিএনপির সবাই এক ও অভিন্ন। দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা দেয়ার পর দিপু ভুইয়া, কাজী মনিরের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন। তাদের পরামর্শ-সহযোগিতা চেয়েছেন। তারাও ধানের শীষকে জয়ী করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছেন।’
জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘নির্বাচন সামনে রেখে আমরা সাধারণ ভোটারদের ঘরে ঘরে যাচ্ছি। বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর থেকে ইউনিয়নে এবং পৌরসভায় ফ্রি চিকিৎসা ক্যাম্প করছি। প্রতি সপ্তাহে একেক ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হচ্ছে। চিকিৎসা ক্যাম্প সামনে রেখে পুরো ইউনিয়নে মাইকিং করা হয়। লিফলেট বিতরণ করা হচ্ছে এবং জামায়াতের নেতাকর্মীরা এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করছেন।’
তিনি বলেন, ‘রূপগঞ্জে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে মাদক ও ভূমি দস্যুতার সাথে রয়েছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। জলাবদ্ধতার বিষয়টিও ভোগাচ্ছে রূপগঞ্জবাসীকে। এগুলো সমস্যা সমাধানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসণের সাথে আলাপ আলোচনা হচ্ছে।

‘সংখ্যালঘু জনগোষ্ঠীর সঙ্গে জামায়াতের দূরত্ব কমে এসেছে দাবি করে তিনি বলেন, ‘আমরা সনাতন ধর্মাবলম্বী নেতাদের নিয়ে বৈঠক করেছি। জামায়াতের কল্যাণ রাষ্ট্রের ধারণার বিষয়ে তাদের অবগত করা হয়েছে। কোনো ধর্মের লোকজনের সঙ্গে ধর্মীয় কোনো ভেদাভেদ জামায়াতের মধ্যে নেই- সেটি বোঝানো হয়েছে।’
তিনি বলেন, ‘সারাদেশে একটি বিপ্লব সূচিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের ছেলেরা জয়ী হয়ে এসেছেন। এটির ইতিবাচক প্রভাব সারাদেশে ছড়িয়ে পড়েছে।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও