মাদকের নিরাপদ ট্রানজিট রুট রূপগঞ্জ,হাত বাড়ালেই মেলে মাদক
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ দেশের মাদক কারবারের অন্যতম ট্রানজিট পয়েন্ট রূপগঞ্জ। ৩০০ ফিট সড়ক দিয়েই এ ট্রানজিট চলমান। নিরিবিলি ও নীরব সড়ক বলে মাদক ব্যবসায়ীরা তাদের মাদক পাচারের নিরাপদ রুট করে নিয়েছে রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়ককে। এছাড়াও রূপগঞ্জের বিভিন্ন পয়েন্টে রয়েছে মাদকের শতাধিক ডিলার। ১৬ জানুয়ারী রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবককে গ্রেফতার করেছে।
সড়ক ও নৌপথে এ এলাকায় অবাধে মাদকদ্রব্য আসে বলে জানিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা। মাদক প্রবেশের সবচেয়ে নিরাপদ রুট হচ্ছে বালু নদ। এ নদে পুলিশ টহলের ব্যবস্থা না থাকায় মাদকব্যবসায়ীরা নির্বিঘ্নে ইঞ্জিনচালিত ট্রলারযোগে মাদক আনা-নেয়া করেন। এ ছাড়া শীতলক্ষ্যা নদ দিয়েও পণ্যবাহী জাহাজে করে মাদক ঢোকে রূপগঞ্জে। সেইসঙ্গে এশিয়ান হাইওয়ে দিয়ে বিভিন্ন যানবাহনে কুমিল্লা থেকে মাদক ঢোকে রূপগঞ্জে।
১৬জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অভিযান চালিয়ে লাভরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩৫ কেজি গাঁজা, ১০হাজার পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল, ১হাজার ৩৩১ বোতল ফেনসিডিলের ন্যায় ইস্কাব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের আমানউল্লাহর ছেলে তানজিদ হাসান(২৮), আলাউদ্দিনের ছেলে রিফাত মিয়া(১৮), রোকন উদ্দিন ছেলে রিদুল মিয়া(২৩)।
রূপগঞ্জ আর্মিক্যাম্পের মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাভরাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়েই সীমান্তের ওপার থেকে এসব মাদক রূপগঞ্জ হয়ে রাজধানীসহ সারা দেশে ডেলিভারী হচ্ছে। এর মধ্যে ইয়াবা ও ফেনসিডিলের সবচেয়ে বড় চালানগুলো আসছে মিয়ানমার ও ভারতীয় সীমান্ত পার হয়ে চট্টগ্রাম, কুমিল্লা জেলা হয়ে। তবে ফেনসিডিলের চেয়ে এখন সবচেয়ে সহজলভ্য হয়ে উঠেছে মরণ নেশা ইয়াবা। পুরো উপজেলায় এমন কোনো পাড়া-মহল্লা নেই যেখানে ইয়াবার কারবার না হচ্ছে।জানা গেছে, শুধুমাত্র রূপগঞ্জের চনপাড়া বস্তি এলাকাতেই প্রতিদিন ইয়াবার চাহিদা রয়েছে প্রায় ২০ হাজার পিসের মতো। ইদানীং ইয়াবা ব্যবসায় কিশোর বয়সের ছেলে ও নারীরা জড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে। ফলে সমাজে ধীরে ধীরে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
তারা বলছেন, যে কিশোর গ্যাংয়ের উদ্ভব হয়েছে প্রতিটি এলাকায়- তার নেপথ্যের প্রধান কারণই হল মাদকের সহজলভ্যতা। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা রাজনৈতিক শেল্টারে কিশোরদের দিয়ে মাদক ব্যবসা করাচ্ছে বলেই এলাকায় আধিপত্য বিস্তারে কিশোর গ্যাংয়ের লড়াই হচ্ছে, খুনের মতো ঘটনা ঘটছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ভারতীয় সীমান্ত দিয়ে প্রবেশ করা এসব মাদকদ্রব্য বিভিন্ন কৌশলে ট্রাক অথবা বাসযোগে পৌঁছে যাচ্ছে নিজ গন্তব্যে। এছাড়াও ঢাকার আমিনবাজার, গে-ারিয়া, কমলাপুর, শ্যামপুর ও আশপাশের এলাকা থেকেও মাদকের ছোট-বড় চালান প্রবেশ করছে রূপগঞ্জে। বিশ্বস্ত সূত্র জানায়, বিভিন্ন পরিবহনের পার্সেল সার্ভিসের নামে নারীদের প্রসাধনী পণ্যের ভেতর আসছে হাজার হাজার ইয়াবা।
মাদকের বিষাক্ত ছোবলে হাজার হাজার তরুণের জীবন বিপন্ন। মাদকের টাকা জোগাড় করতে তারা চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। মাদকসংক্রান্ত দ্বন্দ্বে খুনের ঘটনা তো রয়েছেই। এ ছাড়া সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রায় হাজার খানেক। মাদক ব্যবসার সঙ্গে জড়িত চুনোপুঁটিরা ধরা পড়লেও রাঘব-বোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরেই।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নেও হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ফেনসিডিল। সূত্র জানায়, ভুলতা এলাকা, তারাব পৌরসভার হাটিপাড়া, নোয়াপাড়া, বরাব এলাকা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, খামার পাড়া, বাগবাড়ী, দেলপাড়া, নয়ামাটি, কামশাইর, বরুনা এলাকা রীতিমতো মাদকের ডিপো। এ ছাড়া কাঞ্চন, রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া, পূর্বাচল উপশহর, ভোলাব ইউনিয়ন, দাউদপুর ইউনিয়নসহ সমগ্র রূপগঞ্জ মাদকে সয়লাব।
মাদকের কালো ছায়ায় অন্ধকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এখানে মাদকের স্পট রয়েছে ৩০০-র ওপরে। আর মাদক ব্যবসায়ী আছে প্রায় ৪০০। খুচরা ব্যবসায়ীর সংখ্যা আরও তিনগুণ বেশি। শর্টকাট ফর্মুলায় ধনী হওয়ার আশায় অনেক তরুণ ও নারীও এ পেশায় ঝুঁকছেন। মরণ নেশা গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, আইসপিল, টিডিজেসিক ও লুপিজেসিক ইঞ্জেকশনসহ নানা ধরনের মাদকদ্রব্যে সয়লাব হয়ে গেছে রূপগঞ্জ। বিভিন্ন সমীক্ষালব্ধ তথ্য থেকে জানা যায়, উপজেলায় প্রায় ১ লাখ মাদকসেবী রয়েছে। বছরে তারা প্রায় ১৫০ কোটি টাকার মাদক গ্রহণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক জানান, মূলত একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা নিরাময় কেন্দ্র খুলেছিলাম। কিন্তু মাদকের পরিস্থিতি এতই ভয়াবহ যে, কেন্দ্রগুলো এখন ব্যবসায়িক চিন্তাধারায় গড়ে উঠছে।
স্থানীয় অধিবাসীদের অভিমত, মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার দায়িত্ব শুধু পুলিশের নয়। রাজনৈতিক নেতাদের এবং সব দলের এই প্রশ্নে এক হতে হবে। কারণ যারা মাদক ব্যবসা করে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টার ব্যবহার করে থাকে।
এ ব্যাপারে আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার রুবেল জানান, মাদকসেবীর চেয়ে মাদক ব্যবসায়ী শতগুণ বেশি অপরাধী। আমিসহ অনেক আইনজীবীই চিহ্নিত কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে আদালতে দাঁড়াই না। তিনি বলেন, মাদক নির্মূল করতে হলে আইনজীবীরা এমন ভূমিকা পালন করলে মাদক ব্যবসার আগে তারা শতবার চিন্তা করবে।
মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার হিসেবে পরিচিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু জানান, মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য রাজনীতিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের এক কাতারে দাঁড়াতে হবে। কারণ দেশের ভবিষ্যৎ যুব সমাজক













