রাষ্ট্রপতির সমালোচনার পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বন্ধ করে দিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এসব নির্দেশনা দিয়ে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানানো হয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে।
চিঠিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের কথা বলা হয়েছে। বলা হয়েছে, সান্ধ্য কোর্স পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাই সান্ধ্য কোর্স বন্ধ হওয়া প্রয়োজন।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে উপাচার্যরা নিজেদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য প্রতিপালন করে যাচ্ছেন। তবুও নানা কারণে কোনো কোনো ক্ষেত্রে নিয়ম-নীতি অনুসরণে শৈথিল্য দেখা যাচ্ছে। এসব কারণে উচ্চশিক্ষা প্রশাসনে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, যা কাম্য নয়।












