হবিগঞ্জের বানিয়াচংয়ে জাকিয়া খাতুন নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা
আগমনী ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এর অন্তর্গত চৌধুরী পাড়া গ্রামের জাকিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।তিনি মরহুম আব্দুল হান্নান ঠাকুরের স্ত্রী ছিলেন।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্যানিংগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান ঠাকুর প্রায় ২ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর কনিষ্ঠ সন্তান জুবেল ঠাকুরকে (২৭) নিয়ে জাকিয়া খাতুন চৌধুরী পাড়ার বাড়িতে বসবাস করছিলেন। জ্যেষ্ঠ ছেলে মোর্শেদ ঠাকুর পরিবারসহ লন্ডনে এবং মেঝ ছেলে জে আজম ঠাকুর রিংকু ব্যাংকে চাকুরি করার সুবাদে ঢাকায় কর্মরত আছেন।
এদিন সন্ধ্যার পর মাকে বাড়িতে রেখে বাজারে বিস্কিট আনতে যান জুবেল ঠাকুর। বিস্কিট নিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন তার মা জাকিয়া খাতুন। তার মাথায় হাতুড়ি গাঁথাসহ মুখ-মণ্ডলে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হবিগঞ্জের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনার প্রকৃত খুনিকে বের করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।








