রূপগঞ্জের এমপি দিপু ভূঁইয়ার সঙ্গে চীনে দুটি রৌপ্যপদক বিজয়ী সাওয়ানা খন্দকারের সাক্ষাৎ

নভেম্বর ১৫ ২০২৬, ২০:২৩

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ অনুষ্ঠিত আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় দুটি রৌপ্যপদক অর্জনকারী রূপগঞ্জের কৃতী স্কেটার সাওয়ানা খন্দকার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনায় সাওয়ানা খন্দকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংসদ সদস্য।

সম্প্রতি চীনের লিশুই শহরে অনুষ্ঠিত ‘২০২৬ ওয়ার্ল্ড স্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ’-এর জুনিয়র-বি নারী বিভাগে ২০০ মিটার ডিটিটি ও ৫০০ মিটার ডি ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে দুটি রৌপ্যপদক জেতেন সাওয়ানা।

আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে এ পর্যন্ত মোট ২৯টি শিরোপা অর্জন করেছেন এই তরুণ স্কেটার।

সাওয়ানা খন্দকারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ২০১৫ সালে মাত্র পাঁচ বছর বয়সে স্কেটিং শুরু করেন তিনি।

চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রায় দুই হাজার স্কেটার অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশের অন্য খেলোয়াড়রাও বিভিন্ন ইভেন্টে পদক অর্জন করেন। এ সাফল্যের ফলে এশীয় অঞ্চলের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করে।

সাওয়ানার অর্জনে অভিনন্দন জানিয়ে এমপি দিপু বলেন, ‘সাওয়ানার এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই অর্জন রূপগঞ্জের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘সাওয়ানা খন্দকারের জন্য রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখবে এই প্রত্যাশা করি।’##

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও