জনরোষের ক্ষোভে বিস্ফোরণ ঘটার আগে আপনারা ক্ষমতা থেকে বিদায় নিন
আগমনী ডেস্কঃঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনায় ব্যর্থ। বর্তমান এই জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটার আগেই আপনারা বিদায় নিন।
শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। নুর বলেন, ‘আমরা এখানে সরকার পতনের জন্য আসি নাই। সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা নিজেরাই বিদায় নেন। আলোচনায় এসেছে নোয়াখালীর ধর্ষক দেলোয়ার নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল করেছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সারাদেশে এমন দেলোয়ার বাহিনী তৈরি করেছে। এই দেলোয়ার বাহিনী মা, বোন, স্ত্রীদেরকে ধর্ষণ করছে।’
সমাবেশ শেষে মিছিলআওয়ামী লীগ সরকারকে উদ্দেশে ডাকসুর সদ্য সাবেক এই ভিপি বলেন, ‘বর্তমান এই জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটার আগে আপনারা ক্ষমতা থেকে বিদায় নিন। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করে কিভাবে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করা যায় এবং ভারতের পেট থেকে বাংলাদেশে বের হয়ে আসতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করুন।’
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম প্রমুখ। এছাড়া ছাত্র অধিকার পরিষদের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।












