জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত রয়েছেঃ সেতুমন্ত্রী
আগমনী ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লার সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা একটি দেশী- বিদেশি ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে ব্যর্থ হয়ে অন্ধকার চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি এ সরকারকে উৎখাত করতে পারবে না।

এসময় দলের শৃঙ্খলা ভঙ্গ করে, সরকারকে প্রশ্নবিদ্ধ করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করে এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা এবং সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল ও বারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ স্থাথীয় নেতাকর্মীরা।













