হেফাজতের তাণ্ডবে সহায়তা করেছে বিএনপি-জামায়াত ও পাকিস্তানি গোয়েন্দারাঃ তথ্যমন্ত্রী

এপ্রিল ২৫ ২০২১, ১৬:৩১

Spread the love

আগমনী ডেস্কঃআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডবে বিএনপি-জামায়াতের লোকজন সক্রিয় অংশ নিয়েছে, অর্থ যোগান দিয়েছে এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থাও অর্থ সহায়তা দিয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে রাঙ্গুনিয়ায় স্বল্প আয়ের ২ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন ।

তথ্যমন্ত্রী বলেন, “হেফাজতের গ্রেপ্তার হওয়া নেতারা মুখ খুলতে শুরু করেছেন। তারা ইতোমধ্যেই স্বীকার করেছেন, কোথায় কখন কার বাসায় বৈঠক হয়েছে, কারা অর্থায়ন করেছে।

“আপনারা দেখেছেন, ভারতের ইকনোমিক টাইমস ও বাংলাদেশের কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এসেছে, ২৬ থেকে ২৮ মার্চ সারা দেশে হেফাজতের ব্যানারে যে তাণ্ডব চালানো হয়েছে, সেখানে বিএনপি-জামায়াত সক্রিয় অংশ নিয়েছে, অর্থ যোগান দিয়েছে এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সাহায্য করেছে।

তথ্যমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে ২৬ থেকে ২৮ মার্চ যেভাবে সারাদেশে তাণ্ডব চালিয়ে নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পোড়ানো, ফায়ার-রেল-পুলিশ স্টেশনে হামলা হয়েছে, ঐতিহ্য-পুরাকীর্তি ধ্বংস করা এমনকি ভিন্নধর্মের উপাসনালয়ে হামলা হয়েছে, এটি নিছক বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

তিনি বলেন, একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে সরকার পতনের উদ্দেশ্যে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল এবং তাতে বিএনপি ও জামায়াত পুরোপুরিভাবে সহায়তা ও অর্থ দিয়েছে এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা থেকেও অর্থায়ন পেয়েছে। সুতরাং এই নৈরাজ্যে যারা জড়িত ছিল এবং যারা সহযোগিতা করেছে, তাদের কোনোভাবেই ছাড় নয়।

অনলাইনে রাঙ্গুনিয়ায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী করোনাকালে দিনমজুর, মাঝি, রিকশা-ভ্যানচালকসহ খেটে-খাওয়া নিম্নবিত্তদের সাহায্যে এগিয়ে আসতে তার এলাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। একইসাথে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুসারে তাদের কৃষকদের ধানকাটায় সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

ড. হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন থেকে রাঙ্গু‌নিয়ার পোমরা, হোছনাবাদ, মরিয়মনগর, চন্দ্রঘোনা ও পৌরসভা এলাকার দুই হাজার প‌রিবা‌রকে খাদ্যসামগ্রী দেওয়ার এ আয়োজনে রাঙ্গুনিয়া প্রান্তে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক খালেদ মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, এনএনকে ফাউন্ডেশনের আবদুর রউফ মাস্টার, জসিম উদ্দিন তালুকদার, এমরুল করিম রাশেদ, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু প্রমুখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও