সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১০ বছর ধরে একটানা ক্ষমতায় রয়েছে। তারা ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা বলে ক্ষমতায় এলেও তাদের আমলে এ অধিকার ন্যাক্কারজনকভাবে খর্বিত হয়েছে।
তিনি একতরফা নির্বাচনের অপতৎপরতা রুখে দাঁড়াতে এবং দুঃশাসনের অবসান ও বিকল্প গড়ার সংগ্রামকে অগ্রসর করতে জনগণের কাছে আহ্বান জানান।
শুক্রবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত জনসভা থেকে তিনি এ কথা বলেন।
সেলিম বলেন,‘১০ টাকা কেজি চাল দেয়ার অঙ্গীকার বাস্তবায়িত হয়নি। উন্নয়নের নামে শাসকদলের সীমাহীন লুটপাট, দুর্নীতিতে দেশ এখন নিমজ্জিত। গুম, খুন, জেল, জুলুম, দমন-পীড়নের স্বৈরতান্ত্রিক শাসনে পিষ্ট দেশ। খুন, ধর্ষণ, নারী নির্যাতন বীভৎস পর্যায়ে পৌঁছেছে। সড়কে মুত্যুর মিছিল চলছে। বেকারত্বে যন্ত্রণায় নিষ্পেষিত হচ্ছে কোটি কোটি যুবক। গ্যাস-বিদ্যুৎ-পানির দাম দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে। মানুষের সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার সরকারের ইচ্ছাধীন করা হয়েছে। প্রশাসন ও দলীয় ক্যাডারবাহিনীর মাধ্যমে জনগণের ন্যায্য আন্দোলনকে দমন করা হচ্ছে।’
মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন পার্টির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মন্টু ঘোষ ও ডা. সাজেদুল হক রুবেল প্রমূখ। জনসভা পরিচালনা করেন প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন,উৎস-জাগো নিউজ













