তরুণীকে ধর্ষণের জন্য ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সহসভাপতি গ্রেপ্তার

অক্টোবর ০১ ২০২০, ১৮:৪২

Spread the love
আগমনী ডেস্কঃএক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবা  সহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজকে ও বিবি ফাতেমা ঝুমুর (৩৫) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফুট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই সবুজ আল সাহবা ও বিবি ফাতেমা নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, এজন্য গ্রেফতার করা হয়েছে। এখানে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

ভুক্তভোগী ওই তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, সবুজ আল সাহবা ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন উত্তরের সভাপতি মো. ইব্রাহীম। তিনি বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। অভিযুক্ত সবুজকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তাকে বহিষ্কার করা হবে।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও