মেলান্দহে মাদ্রাসার এক আবাসিক ছাত্রীকে ধর্ষণকারী পরিচালক মোখলেছ আটক
আগমনী ডেস্কঃ জামালপুরের মেলান্দহে মিছবাহুল জান্নাত নামে একটি আবাসিক মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মোখলেছুর রহমান (৪২) মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে এক ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে রাতভর ধর্ষণ করেছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে জামালপুরের মেলান্দহ উপজেলার পৌর এলাকার নাগেরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। গত রবিবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মেলান্দহ থানায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে,মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঠেঙ্গেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মাদ্রাসা পরিচালক ও শিক্ষক মোখলেছুর রহমান। সে মেলান্দহ পৌরসভার নাগেরপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে। ওই বাড়িতেই সে মিছবাহুল জান্নাত নামে একটি আবাসিক মহিলা কওমি মাদ্রাসা পরিচালনা করে আসছিলো।
গত ৪ মার্চ রাতে মাদ্রাসার পরিচালক মোখলেছুর রহমানের স্ত্রী বাড়িতে ছিলেন না। এই সুযোগে সে তার মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ১৪ বছর বয়সী এক ছাত্রীকে নিজের ঘরে ডেকে নেয়। ওই ছাত্রী ২০১৭ সাল থেকে এই মাদ্রাসার আবাসিক ছাত্রী। সারারাত আটক রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে মোখলেছুর রহমান। পরে সকালে মেয়েটি একই উপজেলার নয়ানগর ইউনিয়নের চরবসন্ত গ্রামের বাড়িতে গিয়ে ওই রাতের ঘটনা তার বাবা-মাকে বলে দেয়। গত রবিবার সকালে মেয়েকে সাথে নিয়ে মেলান্দহ থানায় গিয়ে মামলা দায়ের করেন তার বাবা।পুলিশ অভিযান চালিয়ে নাগেরপাড়ায় নিজ বাড়ি থেকে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, নিজ মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ওই মাদ্রাসার পরিচালক মোখলেছুর রহমানকে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। জামালপুর সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।









