রামগড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আকাশ ।
সাইফুল ইসলাম, রামগড় উপজেলা প্রতিনিধিঃ রামগড়ের তৈচালাপাড়ায় ২১শে মার্চ সন্ধ্যা ৭টায় প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আকাশ ত্রিপুরাকে(২৩) ছুরিকাঘাতে আহত করলো মুখোশধারী দুই ছিনতাইকারী।
আকাশ ত্রিপুরা রামগড় থানার রুপাইছড়ি গ্রামের শান্ত ত্রিপুরার ছেলে।গুইমারা থেকে রামগড় আসার পথে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালা পাড়া নামক স্থানে ছিনতাইকারীর কবলে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা আকাশ ত্রিপুরা কে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যাটারিচালিত ইজিবাইকচালক কৃষ্ণ চন্দ্র সাহা জানান, প্রতিদিনের মতো রবিবার গুইমারা এলাকায় বিভিন্ন মালামাল সরবরাহ করে ইজিবাইকযোগে রামগড়ে ফিরছিলেন আকাশ। পথে তৈচালাপাড়ার সোমা চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হন তিনি। একপর্যায়ে ছিনতাইকারীরা ইজিবাইকচালক কৃষ্ণকে আঘাত করেও গাড়ি থামাতে না পারলে আকাশ ত্রিপুরাকে বাইক থেকে টেনে নিচে নামিয়ে টাকা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি করে। এ সময় ইজিবাইকের চালক ও অন্য এক ব্যক্তি ছিনতাইকারীদের রুখতে এগিয়ে এলে তারা আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এরপর আহত আকাশকে ওই ইজিবাইকযোগে রক্তাক্ত অবস্থায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।









