মার্কিন ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে বাইডেনই পরবর্তী প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হয়েছেন জো বাইডেন। সোমবার (১৪ ডিসেম্বর) ভোটে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে নির্বাচনে জয়ী ঘোষণা করা। সোমবার মার্কিন ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়, বাইডেনই পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। চূড়ান্ত গণনায়ও বাইডেন ৩০৬টি ও ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট।
ইলেক্টোরাল ভোটে জয়ী হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া বক্তৃতায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলা হয়েছিল। এই লড়াইয়ে গণতন্ত্র রক্ষা পেয়েছে, ভীত আরও মজবুত হয়েছে। জনগণের ইচ্ছার জয় হয়েছে।বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদেরা ক্ষমতা গ্রহণ করেন না। জনগণ রাজনীতিবিদদের ক্ষমতা গ্রহণের অনুমোদন দেন। জনগণ ভোট দিয়েছে। প্রতিষ্ঠানের প্রতি আমাদের আস্থা অবিচল রয়েছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা অটুট রয়েছে।
ইলেক্টোরাল ভোটের আগে নির্বাচনের ফল বানচাল করতে সর্বাত্মক চেষ্টা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য ট্রাম্পের চেষ্টার কথা উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার প্রয়াস প্রতিহত করেছেন।বাইডেন বলেছেন, একজন প্রেসিডেন্ট হয়েও ট্রাম্প যেভাবে মানুষের মতামতকে অস্বীকার করছেন, ভোটে কারচুপির অভিযোগ তুলছেন, তা অ্যামেরিকার ইতিহাসে এই প্রথম।তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অনেক আগে থেকেই গণতন্ত্রের শিখা জ্বলে উঠেছিল। আমরা জানি মহামারী বা ক্ষমতার অপব্যবহারের কিছুই এই শিখা নিভিয়ে দিতে পারে না।
আগামী ২০ জানুয়ারি শপথ নেওয়ার কথা বাইডেনের। বিশেষজ্ঞদের ধারনা, ট্রাম্প সেই অনুষ্ঠানে থাকবেন না।বাইডেন জনগণের উদ্দেশে বলেন, এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। ইতিহাসে বার বার আমরা এটাই করেছি। এখন সময় একত্রিত হওয়ার।
ইলেকটোরাল কলেজ ফলাফল জানালেও ডোনাল্ড ট্রাম্প সোমবারেও কারচুপির অভিযোগ করেছেন। তার বক্তব্য, মিশিগানে যে কারচুপি হয়েছে তার অপ্রকাশিত রিপোর্ট তার কাছে আছে। যদিও সেই রিপোর্ট তিনি প্রকাশ করেননি। টুইটার জানিয়ে দিয়েছে ট্রাম্পের টুইটের সত্যতা পরীক্ষা করা যায়নি ।








